বিনোদন

গল্পের দুর্বলতা ছাপিয়ে ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের দাপট

গল্পের দুর্বলতা ছাপিয়ে ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের দাপট

তামিল সিনেমায় রজনীকান্ত মানেই আলাদা এক উন্মাদনা। বয়স ৭৫ হলেও পর্দায় তার উপস্থিতি, চাহনি, হাঁটাচলা কিংবা সংলাপ বলার নিজস্ব ভঙ্গিতে মুগ্ধ হন দর্শক। সেই চেনা ক্যারিশমা নিয়েই আবারও পর্দায় ফিরেছেন টাইগার মুথুভেল। নির্মাতা নেলসনের ‘জেলার ২’ দর্শকের প্রত্যাশার অনেকটাই পূরণ করেছে। যদিও প্রথমার্ধের জমজমাট বিনোদনের পর দ্বিতীয়ার্ধে গল্পের ছন্দ কিছুটা হারিয়েছে।

আগের সিনেমার সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই এবার ছবিটি নির্মাণ করেছেন নেলসন। প্রথমার্ধে হাস্যরস, অ্যাকশন ও বিচিত্র সব চরিত্রের উপস্থিতিতে দর্শককে বেশ উপভোগ্য সময় উপহার দিয়েছেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে অতিরিক্ত টুইস্ট ও একাধিক ক্লাইম্যাক্স তৈরির চেষ্টায় গল্প কিছুটা জটিল হয়ে উঠেছে।

প্রথম ছবিতে মূর্তি পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সাবেক জেলর মুথুভেল পান্ডিয়ান চরিত্রের রজনীকান্ত। দ্বিতীয় পর্বে ছেলের মৃত্যুর পর স্ত্রী ও নাতি ঋত্বিককে নিয়ে শান্তিতে জীবন কাটাতে চান তিনি। কিন্তু অতীত তাকে ছাড়ে না। ভার্মানের হত্যাকারীদের খুঁজতে থাকা একটি অপরাধী সিন্ডিকেটের মুখোমুখি হয়ে আবারও জেগে ওঠে তার ভেতরের ভয়ংকর টাইগার।

গল্পের মূল কাঠামোয় খুব বেশি নতুনত্ব নেই। অপরাধী চক্রের শীর্ষ ব্যক্তিদের খুঁজে বের করা, একের পর এক সংঘাত এবং বাধা পেরিয়ে নায়কের এগিয়ে যাওয়ার পরিচিত ছকেই এগিয়েছে কাহিনি। তবে অদ্ভুতুড়ে ঘটনা, বিচিত্র চরিত্র ও ডার্ক কমেডির ব্যবহারে নেলসন গল্পটিকে উপভোগ্য করে তুলেছেন। বিশেষ করে প্রথমার্ধে তার নির্মাণশৈলী বেশ কার্যকর।

শুরুতে নিরীহ ও কিছুটা ভীতু মুথুভেল পরিস্থিতির প্রয়োজনে ভয়ংকর টাইগারে রূপ নেন। গাড়ির ভেতরে পুরোনো পরিচয়ের প্রকাশ কিংবা চোখের ইশারায় দুষ্কৃতীদের ধরাশায়ী করার দৃশ্যগুলোতে হাস্যরস ও অ্যাকশনের চমৎকার মিশেল দেখা গেছে।

নেলসনের সিনেমায় পার্শ্বচরিত্রগুলোও আলাদা গুরুত্ব পায়। ‘জেলার ২’-এও তার ব্যতিক্রম হয়নি। খলনায়ক দিলীপের চরিত্রে সুরজ ভেঞ্জারামুডু এবং কমেডি চরিত্রে নামো নারায়ণন দর্শককে হাসিয়েছেন। যোগী বাবুও নিজের উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন।

তবে দ্বিতীয়ার্ধে গল্পের পরিসর তামিলনাড়ু ও কেরালা ছাড়িয়ে গোয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। সংঘাতের মাত্রাও বেড়েছে। কিন্তু অতিরিক্ত তারকার উপস্থিতিতে গল্পের গতি কিছুটা কমে গেছে। প্রথম ছবিতে অতিথি চরিত্রগুলোর যে স্বতঃস্ফূর্ততা ছিল, এবার তা অনেকটাই অনুপস্থিত।

অতিথি চরিত্রগুলোর মধ্যে নরসিমহা হিসেবে শিবা রাজকুমার নজর কেড়েছেন। মোহনলালকে আরও বেশি সময় পর্দায় দেখা গেলে ভালো লাগত। অন্যদিকে জ্যাকি শ্রফের উপস্থিতি খুব একটা প্রয়োজনীয় মনে হয়নি। হৃতিক রোশনের আবির্ভাবে দর্শকের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও গল্পে তার উপস্থিতি তেমন কাজে লাগেনি। শেষ দিকে বিজয় সেতুপতির ক্যামিও পরবর্তী পর্ব নিয়ে আগ্রহ তৈরি করেছে।

এবারের ছবিতে খলনায়কদেরও আলাদা আকর্ষণ রয়েছে। বিদ্যা বালান ‘কান্তা কল্পক’ চরিত্রে নজর কাড়লেও চরিত্রটি পর্যাপ্ত পরিসর পায়নি। এস জে সূর্যর অদ্ভুতুড়ে অভিনয় ছবিতে ভিন্নমাত্রা যোগ করেছে। সুরজ ভেঞ্জারামুডুও খলনায়ক হিসেবে শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন।

ছবির অন্যতম আকর্ষণ বাঙালি দর্শকদের প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। কাহিনির এক প্রান্তে রজনীকান্ত, অন্য প্রান্তে মিঠুন। পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম হলেও হুইলচেয়ারে বসে শুধু দৃষ্টির মাধ্যমেই চক্রি কল্পক চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন তিনি। তবে আগের ছবির খলনায়কদের মতো এবার প্রতিপক্ষের চরিত্রগুলো ততটা দাপট দেখাতে পারেনি।

অ্যাকশননির্ভর বাণিজ্যিক সিনেমা হিসেবে ‘জেলার ২’-এর নির্মাণে চমক রয়েছে। তবে দ্বিতীয়ার্ধের চিত্রনাট্যই ছবির সবচেয়ে বড় দুর্বলতা। শুরুতে হালকা ডার্ক কমেডির আবহ থাকলেও পরবর্তী সময়ে গল্প হঠাৎ গুরুগম্ভীর হয়ে ওঠে। ছেলের মৃত্যুর শোকের বিষয়টিও দ্রুত শেষ করা হয়েছে। পাশাপাশি একই ধরনের অ্যাকশনের পুনরাবৃত্তি একপর্যায়ে দর্শকের মধ্যে ক্লান্তি তৈরি করতে পারে।

ছবির অন্যতম শক্তি অনিরুদ্ধ রবিচন্দরের আবহসংগীত। বিশেষ করে ‘হুকুম’ গানটি দৃশ্যের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। তবে নোরার আইটেম গান ‘বিন্দাস’ ছবির সামগ্রিক আবহের সঙ্গে খুব একটা মানানসই হয়নি।

সব মিলিয়ে গল্পের দুর্বলতা ও দ্বিতীয়ার্ধের ছন্দপতন সত্ত্বেও ‘জেলার ২’-এর সবচেয়ে বড় শক্তি রজনীকান্তের পর্দা উপস্থিতি। ৭৫ বছর বয়সেও তার অভিনয়, ব্যক্তিত্ব ও ক্যারিশমা দর্শককে মুগ্ধ করে রেখেছে। ‘কুলি’তে গল্পের দুর্বলতায় যেখানে তার অভিনয় কিছুটা চাপা পড়েছিল, সেখানে ‘জেলার ২’ নিঃসন্দেহে তার জন্য একটি প্রত্যাবর্তন।

কাহিনি কিছুটা একঘেয়ে হয়ে পড়লেও অনিরুদ্ধের সংগীত এবং রজনীকান্তের চেনা মোহনীয়তা দর্শককে শেষ পর্যন্ত আটকে রাখে। দ্বিতীয়ার্ধের ছন্দপতন থাকলেও দাপুটে অভিনয়ে পুরোনো সেই পরিচিত রজনীকান্তকেই আবারও ফিরিয়ে এনেছেন তিনি।

বিষয়:‘জেলার ২’ অভিনয় ক্যারিশমা ছন্দপতন ব্যক্তিত্ব রজনীকান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…