টাঙ্গাইলের মির্জাপুরে বালিশচাপা দিয়ে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার রাজিব হোসেনের স্ত্রী কনিকা বেগম (২৫) ও তাদের ৪ বছরের মেয়ে রাজিয়া।
স্থানীয় সূত্র জানায়, ছয় বছর আগে ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া এলাকার কনিকার সঙ্গে ধুপুরিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রাজিব হোসেনের বিয়ে হয়। রাজিব মাদকাসক্ত এবং ভবঘুরে হওয়ায় বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ শুরু হয়। সংসারের অভাব-অনটন এবং স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে শ্বশুর-শাশুড়িও ছেলের পক্ষ নিয়ে পুত্রবধূর সঙ্গে ঝগড়া করতেন বলে আশপাশের বাড়ির লোকজন জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজিব স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
শুক্রবার সকালে কনিকা তার মেয়ে রাজিয়াকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে বের হলে শ্বশুর নাজিম উদ্দিন তাদের বাড়ি ফিরিয়ে আনেন। সকাল ১০টার দিকে সবার আজান্তে রাজিয়াকে ঘরের ভেতর বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কনিকা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে মা কনিকা বেগম শিশুকন্যা রাজিয়াকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


