জনপদ

ঠাকুরগাঁওয়ে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি, ফল প্রকাশের পর কলেজছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি, ফল প্রকাশের পর কলেজছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে এবার মোট ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদিকে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর জেলার হরিপুরে এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ ও কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ; বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ ও রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ; পীরগঞ্জের একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এবং রাণীশংকৈলের ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ, গোগড় কলেজ ও রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে, ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর মারা যাওয়া কলেজছাত্রের নাম রাব্বিল হোসেন (১৮)। তিনি হরিপুর এলাকার রমজান আলীর ছেলে। পরিবারের ভাষ্য, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন।

জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৩৯ জন। জেলায় পাসের হার ৪৫ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার বলেন, কাগজে-কলমে টিকে থাকা এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই নামসর্বস্ব। সেখানে মানসম্মত পাঠদানের সুযোগ নেই। ফল বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিস্তারিত লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক রফিকুল হক বলেন, যেসব প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি, সেগুলোর অধিকাংশই নন-এমপিওভুক্ত। এসব প্রতিষ্ঠানে শিক্ষাদানের ন্যূনতম অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। ফল বিপর্যয়ের কারণ গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:অকৃতকার্য আত্মহত্যা এইচএসসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…