লাইভস্ট্রিমে স্টিক রান গেমের নির্মাতা ম্যানুয়েল অটোর আত্মহত্যা

ছবি: সংগৃহীত
জনপ্রিয় অনলাইন গেম ‘স্টিক রান’-এর নির্মাতা ও জার্মান ইনফ্লুয়েন্সার ম্যানুয়েল অটো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩০ বছর। টুইচে সরাসরি সম্প্রচারের সময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত বুধবার ২১ অক্টোবর গেমটির সঙ্গে সংশ্লিষ্ট এক মুখপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব জার্মানির বাভারিয়া অঞ্চলে একটি ভবনে আগুন লাগার পর অটোর মরদেহ উদ্ধার করা হয়। এক প্রতিবেশী আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেছিলেন।
গেমটির পক্ষ থেকে ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের স্রষ্টা, ডেভেলপার ও সহযাত্রী স্টিক রানার মার্ক-ম্যানুয়েল আলেকজান্ডার অটোর মৃত্যুর খবর নিশ্চিত করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, তার মৃত্যুতে শুধু গেমটির নির্মাতাকেই হারানো হয়নি, এমন একজন সহযাত্রীকেও হারানো হয়েছে, যার কাজ অনেকের জীবনের অংশ হয়ে উঠেছিল। স্টিক রান খেলার প্রতিটি স্মৃতি ও খেলোয়াড়ের মধ্যে তার অবদান বেঁচে থাকবে।
লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ জানিয়েছে, অটোর মৃত্যুর ঘটনার পরপরই তার চ্যানেল এবং মৃত্যুর দৃশ্যসংবলিত ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
প্ল্যাটফর্মটির এক মুখপাত্র বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তাদের কমিউনিটির সদস্যদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যানুয়েল অটো ১৯৯৬ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। মাত্র ১৪ বছর বয়সে ২০১০ সালে তিনি ফেসবুকের জন্য বিনামূল্যে খেলা যায় এমন গেম ‘স্টিক রান’ তৈরি করেন।
গেমটিতে খেলোয়াড়েরা একটি কাঠির মতো দেখতে চরিত্র নিয়ন্ত্রণ করে বিভিন্ন বাধা অতিক্রম করেন এবং পথে কয়েন ও পয়েন্ট সংগ্রহ করেন। মাল্টিপ্লেয়ার সুবিধার কারণে গেমটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
২০১৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অটো জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি অ্যানিমেটেড চলচ্চিত্র দেখতে এবং কম্পিউটারে ছোট ছোট নকশা তৈরি করতে পছন্দ করতেন। একসময় তার মনে হয়, নিজেই একটি ভিডিও গেম তৈরির চেষ্টা করতে পারেন।
সে সময় ফেসবুকে ‘ফার্মভিল’-এর মতো জনপ্রিয় গেমের সঙ্গে প্রতিযোগিতা করে স্টিক রান ব্যাপক পরিচিতি লাভ করে। বিভিন্ন হিসাব অনুযায়ী, ডেস্কটপ কম্পিউটার ও মোবাইল ফোন মিলিয়ে বিশ্বজুড়ে ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ গেমটি খেলেছেন।





