আগামী মৌসুমের জন্য সাকিব আল হাসানকে ধরে রাখল না মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। যেসব খেলোয়াড়কে ধরে রেখেছে, তাদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গতবার তারকা ঠাসা দল হওয়ার পরও প্লে-অফে যেতে পারেনি লস অ্যাঞ্জেলস। সাকিব নিজেও প্রত্যাশা পূরণে করতে পারেননি। চার ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬০ রান। গড় ছিল ১৫। স্ট্রাইক রেট ১২৫। বল হাতে শিকার করেছিলেন কেবল ১ উইকেট।
ফ্র্যাঞ্চাইজি দলটি কেবল তিনজন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে। তালিকায় আছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন। যেখানে সাকিব ছাড়াও জেসন রয়, ডেভিড মিলার ও অ্যাডাম জাম্পার মতো তারকা খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স।
এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে আপাতত বোলিং থেকে নিষিদ্ধ আছেন টাইগার অলরাউন্ডার। জাতীয় দলেও ডাক পাচ্ছেন না। আগামী ১৯ ফেব্রুয়ারি হতে চলা প্লেয়ার্স ড্রাফট থেকে যুক্তরাষ্ট্রে দল পেতে পারেন সাকিব।








