কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলে বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া
নৌযান চলাচলে সতর্কতা

ছবি: সংগৃহীত
কুতুবদিয়া ও কক্সবাজারের নির্ধারিত ফায়ারিং রেঞ্জে তাজা গোলাবর্ষণের প্রশিক্ষণ মহড়া চালাবে বাংলাদেশ বিমান বাহিনী। এ কারণে ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই দুই এলাকার আশপাশে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার ৫ অক্টোবর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি-২ এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি-৪৩-এর আকাশসীমায় বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে এ প্রশিক্ষণ মহড়া পরিচালিত হবে। ছুটির দিনেও মহড়া চলবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের জলযান, জাহাজ ও ছোট নৌযানকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে মহড়া চলাকালে নির্ধারিত বিপজ্জনক এলাকা এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। কুতুবদিয়া দ্বীপসংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি-২-এর বিপজ্জনক উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট। আর কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি-৪৩-এর বিপজ্জনক উচ্চতা ২৬ হাজার ফুট।
জননিরাপত্তার স্বার্থে ১০ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টেলিভিশন ও বেতারে নিয়মিত সতর্কবার্তা প্রচারের অনুরোধ জানিয়েছে বিমান সদর দপ্তর। বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে প্রতিদিন বাংলা, ইংরেজি ও স্থানীয় সংবাদ প্রচারের আগে অন্তত দুইবার মানচিত্রসহ সতর্কবার্তা প্রচার করতে বলা হয়েছে। বাংলাদেশ বেতারকেও প্রতিদিন সকাল ও বিকেল বা সন্ধ্যার অধিবেশনে অন্তত একবার করে বার্তাটি প্রচারের অনুরোধ জানানো হয়েছে।






