বাংলাদেশ

গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে কানাডার প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই

গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে কানাডার প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই

বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন করেছেন।

আজ সোমবার তিনি উপাসনালয়টি পরিদর্শন করেন। এ সময় কানাডা সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও তার সঙ্গে ছিলেন।

গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ (রেজি.)-এর সভাপতি অমর চান্দের নেতৃত্বে কমিটির নেতারা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় কমিটির সহসভাপতি ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় (ডা. এম কে রায়) ও সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে গুরুদুয়ারা নানক শাহীর গ্রন্থী জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ শ্রীগুরু গ্রন্থ সাহিব পাঠ করেন। পরে তিনি হুকুমনামা ও আরদাস পরিচালনা করেন। এ সময় উপস্থিত সংগতদের মধ্যে কারা প্রসাদ বিতরণ করা হয়।

পরে গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই। এ সময় বাংলাদেশে অবস্থিত গুরুদুয়ারাগুলোর বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তার কাছে তুলে ধরেন কমিটির নেতারা।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, গুরুদুয়ারাগুলোর সমস্যা মনোযোগ দিয়ে শোনেন কানাডার প্রতিমন্ত্রী। এসব সমস্যা সমাধানে তিনি কানাডা সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

একই সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশের গুরুদুয়ারাগুলোর উন্নয়ন এবং অবৈধ দখল থেকে মুক্ত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়:কানাডার প্রতিমন্ত্রী গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন রণদ্বীপ সিং সারাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…