ফুটবল

দুই গোলে পিছিয়ে পড়েও জয়ে মাঠ ছাড়ল মিয়ামি

মিয়ামি ফুটবল দল জয়ের উদযাপন করছে, পিছিয়ে পড়েও জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের আনন্দে উল্লসিত, ম্যাচে তারা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় লাভ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেজর লিগ সকারে অপ্রতিরোধ্য এক ম্যাচ খেলেছে ইন্টার মিয়ামি। বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ক্লাব সিএফ মন্ট্রিলের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকল দলটি।

মিয়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, ম্যাটিয়াস রোজাস এবং বেঞ্জামিন ক্রেমাশ্চি। স্বাগতিক মন্ট্রিল প্রথমার্ধের ২২ ও ৩২ মিনিটে গোল করে এগিয়ে যায়। গত ম্যাচের দুর্দান্ত মেসিকে এ ম্যাচে খুঁজে পাওয়া যায়নি।

খেলার প্রথমার্ধে ঘরের মাঠে এগিয়ে যায় সিএফ মন্ট্রিল। ২২ মিনিটে মিয়ামির কফিনে প্রথম পেরেকটি ঠোকেন ব্রাইস ডিউক। ১০ মিনিট পর ৩২ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন জুলস অ্যান্টনি ভিলসেইন্ট। খেলার আধাঘণ্টার মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক দল।

মিয়ামির ঝলক শুরু হয় এরপর। গত ম্যাচের গোলস্কোরার ম্যাটিয়াস রোজাস ৪৪ মিনিটে প্রথম গোলটি করলে কিছুটা স্বস্তি ফেরে সফরকারীদের মধ্যে। প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দলকে সমতায় আনেন লুইস সুয়ারেজ। ৫৯ মিনিটে ক্রেমাশ্চির গোলে জয় নির্ধারণ হয় টেবিলের শীর্ষ দলটির।

ইস্টার্ন কনফারেন্সে আগামী ১৬মে অরল্যান্ডো সিটির বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে মেসির মিয়ামি।

বিষয়:এমএলএস মিয়ামি রোজাস সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…