বাংলাদেশ

জলবায়ুর আঘাতে ঝুঁকিতে শিশুরা, উখিয়ায় তরুণ গবেষকদের নতুন তথ্য প্রকাশ

জলবায়ুর আঘাতে ঝুঁকিতে শিশুরা, উখিয়ায় তরুণ গবেষকদের নতুন তথ্য প্রকাশ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ঝুঁকি নিয়ে নতুন গবেষণা প্রকাশ করেছেন স্থানীয় তরুণ গবেষকেরা। গবেষণায় দেখা গেছে, আকস্মিক আবহাওয়া পরিবর্তন, তীব্র বজ্রপাত ও বন উজাড়ের মতো পরিবেশগত সমস্যায় স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা শরণার্থী পরিবারের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিশুদের নিরাপত্তার ওপরও।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উখিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক গবেষণা প্রকাশনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। পালংখালী ইউনিয়ন ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত এ গবেষণায় স্থানীয় বাসিন্দা ও শরণার্থী—উভয় জনগোষ্ঠীর পরিস্থিতি তুলে ধরেন তরুণ গবেষকেরা। তারা নিজেরাই তথ্য সংগ্রহ করে গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, সেভ দ্য চিলড্রেনের কক্সবাজার প্রধান গোলাম মোস্তফা, সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের জ্যেষ্ঠ জলবায়ুবিষয়ক উপদেষ্টা ক্যারোলিন এবং স্থানীয় গবেষণা সংস্থা জিপিএটির প্রতিনিধিরা। এ ছাড়া সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

গবেষণায় উঠে আসে, জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের কারণে পরিবারগুলোর আয়-রোজগার কমে যাচ্ছে। এতে শিশুদের জীবনযাপন ও নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিশুদের সুরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন গবেষকেরা।

অনুষ্ঠানে উখিয়ার ইউএনও পান্না আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা সবার জন্য সহজ ও বোধগম্য হওয়া প্রয়োজন। কারণ, এর ক্ষতিকর প্রভাব সবার ওপরই পড়ে। গবেষণার তথ্য বাস্তবে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ, নারী ও পুরুষ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের জ্যেষ্ঠ জলবায়ুবিষয়ক উপদেষ্টা ক্যারোলিন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি শুধু গাছপালা বা ঘরবাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশগত বিপর্যয় শিশুদের নিরাপত্তার ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে। শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখতে এসব প্রভাব সম্পর্কে জানা ও তা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা শরণার্থী—উভয় জনগোষ্ঠীর পরিবেশ সুরক্ষা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিষয়:গবেষণা প্রকাশ জলবায়ু পরিবর্তন তরুণ গবেষক শিশুদের ঝুঁকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…