ক্রিকেট

ইতালিতে ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানায় অ্যান্ডারসন

ইতালিতে ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানায় অ্যান্ডারসন

ল্যাঙ্কাশায়ারের সাথে চুক্তি শেষে নতুন পরিচয়ে এলেন জেমস অ্যান্ডারসন। ইতালিয়া টি১০ লিগে ফ্র্যাঞ্চাইজি নাপোলি নাইটসের সহ-মালিক হিসেবে যুক্ত হলেন ইংলিশদের কিংবদন্তি সাবেক পেসার। তার সাথে ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় থাকছেন দীর্ঘদিনের ম্যানেজার ও ল্যাঙ্কাশায়ারের সাবেক উইকেটরক্ষক লুক সাটন। এদিকে অ্যান্ডারসনকে কোন নতুন চুক্তির প্রস্তাব না দেয়ায় ল্যাঙ্কাশায়ারের তীব্র সমালোচনা করেছেন সাবেক সতীর্থ স্টুয়ার্ট ব্রড।

ব্রিটিশ ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লেইজার’র মাধ্যমে নাপোলি নাইটস ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্ব নিয়েছেন জিমি। এজেন্সিটির প্রধান ও তার সাবেক ব্যবস্থাপক লুকের সাথে সহ-মালিক হয়েছেন তিনি।

নতুন যাত্রায় আনন্দের সাথে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘আমার পুরো ক্যারিয়ারজুড়ে ক্রিকেট অনেককিছু দিয়েছে। এখন সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে খেলাটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে সত্যিই অত্যন্ত আনন্দিত।’

‘লুক এবং আমার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই একসঙ্গে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’

গতবছর ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে অ্যান্ডারসন বলেছিলেন, সেই সময়ের প্রতিটি মুহূর্ত অপছন্দ করতেন। এবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় নাম লিখে বলেছেন, ‘ইতালিয়া টি১০ একটি চমৎকার ধারণা। এটি ইতালিতে ক্রিকেটের পরিচিতি বাড়ানোর পাশাপাশি দারুণ সব খেলোয়াড়কে একত্রিত করে একটি উপভোগ্য টুর্নামেন্ট আয়োজনের বড় সুযোগ তৈরি করে দিয়েছে। অবশ্যই আমরা চাই নাপোলি নাইটস যেন প্রতিযোগিতামূলক দল হয়ে ওঠে এবং শিরোপার জন্য লড়াই করে, পাশাপাশি আমরা এমনকিছুতে অবদান রাখতে চাই, যার প্রভাব কেবল টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দীর্ঘমেয়াদে ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখবে।’

লুক সাটন যোগ করেন, ‘নাপোলি নাইটসের মালিক হিসেবে ইতালিয়া টি১০-এর সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। জীবনের অনেকটা সময় ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকায়, জিমি এবং আমি এটিকে একটি নতুন-উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগের অংশ হওয়ার দারুণ সুযোগ হিসেবে দেখছি। এটি এমন একটি দেশে ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে, যেখানে এই খেলাটি সবেমাত্র বিকশিত হচ্ছে।’

এদিকে, গত সপ্তাহে ল্যাঙ্কাশায়ারের নতুন ডিরেক্টর অব ক্রিকেট পল ফারব্রেস জানিয়ে দেন, আগামী মৌসুমের জন্য ক্লাবটি অ্যান্ডারসনকে কোন চুক্তির প্রস্তাব দিচ্ছে না। রোববার ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করেন অ্যান্ডারসন লেখেন, ‘যদি আমার হাতে থাকত, তবে এমন হতো না। তবে খেলোয়াড় ও ভক্তদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’

অ্যান্ডারসনের সাথে ক্লাবের এমন আচরণের সমালোচনা করেছেন ব্রড। নিজের পডকাস্টে বলেছেন, ‘ল্যাঙ্কাশায়ারের এই পদক্ষেপ আমার ভালো লাগেনি। এটি সঠিক পদ্ধতিতে করা হয়নি, আমার মতে এটি অসম্মানজনক। খেলার কিংবদন্তি বা বড় তারকাদের বিদায় জানানোর ধরন আরও ভালো হওয়া উচিত ছিল। এটি ক্লাবটির নেতৃত্বের অভাবকে ফুটিয়ে তোলে।’

বিষয়:জেমস অ্যান্ডারসন নাপোলি নাইটস লুক সাটন স্টুয়ার্ট ব্রড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…