স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সাথে অবস্থারন করছেন স্ত্রী রাহাত আরা বেগম।
রোববার (৬ এপ্রিল) সংবাদমাধ্যমে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
শায়রুল কবির খান বলেন, ‘স্যার এবং ভাবী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। তারা সিঙ্গাপুরের একটি ক্লিনিকে কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। ইতোমধ্যেই চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে।’
বিএনপি মহাসচিব এক সপ্তাহ পর দেশে ফিরবেন বলেও জানান তিনি। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।
তিনি ২০১৫ সাল থেকে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। একটি রাজনৈতিক মামলায় কারাবাসের সময় তার অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীর সমস্যাটি প্রথম ধরা পড়ে। জেল থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসা নিতে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। তারপর থেকে, তিনি প্রতি বছর ফলো-আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।







