রাজনীতি

পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি

পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি

সংগৃহীত

পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই পক্ষের নেতা–কর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার পর বৃশালিখা মহল্লায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। এ ছাড়া বেড়ার সম্ভুপুরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় শনিবার সকাল থেকেই বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে দুপুরে তারা সংঘর্ষে জড়ায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতা–কর্মীরা বৃশালিখা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। অন্যদিকে, কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন বিএনপির নেতা–কর্মীরা।

পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি
সংগৃহীত

এদিকে, তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শনিবার দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

টানা তিন দিনের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। সংঘর্ষের সুযোগে দুর্বৃত্তরা দোকানপাটে লুটপাট চালাতে পারে, এমন আশঙ্কায় বেশির ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রাখছেন। অনেকে রাত জেগে নিজেদের দোকানপাট পাহারা দিচ্ছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতারা। এদিকে, বৃশালিখায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে এখন আবার পরিস্থিতি খারাপের কথা শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আশা করি, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।’

বিষয়:আওয়ামী লীগ পাবনা বিএনপি বেড়া পৌরসভা সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…