প্রথম সাফল্যের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। নতুন বলে পেসার শরিফুলের এক ওভার পরই স্পিন আক্রমণের পথ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্পিন ঘূর্ণিতে টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পর আরও তিন উইকেট তুলে নিয়েছেন দুই তারকা স্পিনার।
মিরপুর টেস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ধুঁকছে নিউজিল্যান্ড। ১০ বলে ১২ রানে ক্রিজে আছেন ড্যারেল মিচেল এবং ৬ বলে ৫ রানে তাকে সঙ্গ দিচ্ছেন গ্লেন ফিলিপস।
বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন মিরাজ। নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে ফিরিয়ে দেন ডেভন কনওয়েকে। দলীয় ২০ রানের একটি করে চার-ছয়ের মারে ১১ রান করে আউট হন কনওয়ে।
মিরাজের পর দ্বিতীয় উইকেট তুলে নেন আরেক স্পিনার তাইজুল। টম ল্যাথামের ব্যাট ছুঁয়ে তাইজুলের করা অফস্টাম্পের বাইরের বল জমা পড়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। ৪ রান করে আউট হন ল্যাথাম।
দলীয় ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইবাহিনী। সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় উইকেটটি তুলে নেন তাইজুল। তার জোড়া আঘাতের দ্বিতীয় শিকার হেনরি নিকোলস। ১০ বলে ১ রান আসে নিকোলসের ব্যাটে।
কেন উইলিয়ামসনও বেশি সময় টিকে থাকতে পারেননি। জীবন পেয়েছিলেন স্লিপে। মিরাজের বলে ১৪ বলে ১৩ রানে সাজঘরের পথ ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। পরে টম ব্লান্ডেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের ব্যাটে আসা ৩৫ রান টাইগার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। নিয়মিত বিরতিতে পড়েছে বাংলাদেশের উইকেট। জুটি গড়ে উঠেছিল মোটে একটি। পঞ্চম উইকেট জুটিতে পঞ্চাশোর্ধ্ব সংগ্রহ আসে। মুশফিক নিজের দুর্ভাগ্য ডেকে না আনলে জুটিটা হতে পারত বড়।










