আসিফ মাহমুদের তদন্তের বিষয়ে মন্ত্রণালয় থেকে তথ্য সরবরাহ করা হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক (সংগৃহীত)।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে তদন্ত চলছে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্তে যা যা তথ্য চাচ্ছে সবই মন্ত্রনালয় থেকে সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ‘ক্রীড়া কার্ড’-এর আওতায় ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশ না নেওয়ার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে অংশগ্রহণ করা উচিত ছিল বলে মত দেওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শুধু শাস্তি দিলেই সব সমস্যার সমাধান হবে না।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিগত কারণে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেনি।
ভবিষ্যতে কোনো ব্যক্তির সিদ্ধান্তের কারণে এ ধরনের সিদ্ধান্ত যেন নেওয়া না হয়, সেটির বিষয়ে সচেতন থাকা হবে বলে জানান তিনি।






