মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২২ এবং এমআইএসটি’র আধুনিক নতুন ভবনের উদ্বোধন

মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে সেনা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার ২৯ নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী প্রধান বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনাসদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে। অনেক বছর পর এই অনুষ্ঠান পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
সেনানিবাসের ট্রাফিক-শৃঙ্খলা সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মিলিটারি পুলিশ সপ্তাহ পালিত হবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
পরে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, এমআইএসটি’র আধুনিক নতুন ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান। ভবনগুলোতে সর্বাধুনিক স্টেট অব আর্টস গবেষণাগার, পেট্রোলিয়াম ও লুব্রিকেটিং স্টেটিং ল্যাব এবং প্রশাসনিক ভবনে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে। লাইব্রেরির একটি অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রায় ৪ হাজার বই নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কর্ণার রয়েছে। আড়াই হাজার বই নিয়ে গড়ে তোলা হয়েছে ‘শেখ রাসেল আঙ্গিনা’। সেনাবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।






