সৌদি আরবের জেদ্দায় বসেছে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’। উদ্বোধনী দিনে আজীবন সম্মাননা গ্রহণ করলেন ব্রিটিশ কিংবদন্তী অভিনেতা স্যার মাইকেল কেইন। ৭০ বছরেরও বেশি সময়জুড়ে বিস্তৃত তার অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয় রেড সি অনরিই অ্যাওয়ার্ড।
পুরস্কার গ্রহণের সময় মঞ্চে তার সঙ্গে ছিলেন তিন নাতি-নাতনি ও দীর্ঘদিনের বন্ধু ভিন ডিজেল। দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্যেই কেইন সম্মাননা গ্রহণ করেন।
৯০ বছর বয়সে অভিনয় থেকে অবসর নেওয়া মাইকেল কেইন বলেন, “৯০ বছর বয়স পর্যন্ত কাজ করেছি- এটা ভেবেই অবাক লাগে। আজ এখানে থাকতে পারা আমার জীবনের অন্যতম সৌভাগ্যের বিষয়।”
উৎসবের উদ্বোধনী রাতে ফ্রান্সের অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও হংকংয়ের পরিচালক স্ট্যানলি টংকেও সম্মাননা দেওয়া হয়। প্রদর্শিত হয় ব্রিটিশ বক্সার প্রিন্স নাসিম হামেদকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জায়ান্ট’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। শেষে চমক হিসেবে মঞ্চে পারফর্ম করেন গায়িকা রিটা ওরা।
দ্য ইতালিয়ান জব, গেট কার্টার, হান্নাহ অ্যান্ড হার সিস্টারস এবং ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজির মতো অসংখ্য জনপ্রিয় ছবির অভিনেতা মাইকেল কেইন। তার দীর্ঘ চলচ্চিত্র অবদানকে সম্মান জানিয়ে উৎসবের অতিথিরা তাকে অভিনন্দন জানান।







