লিগস কাপে দুর্দান্ত ছন্দে থাকা ইন্টার মিয়ামি শিরোপা নির্ধারণী ম্যাচে পেরে ওঠেনি সিয়াটেল সাউন্ডার্সের সঙ্গে। বড় ব্যবধানে হেরে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা জেতা হল না মিয়ামির। নিজেকে ছড়িয়ে যাওয়ার সুযোগ ছিল কিংবদন্তি মেসিরও, পরাজয়ে সেটিও হয়ে উঠল না।
সিয়াটেলের ঘরের মাঠ ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার লুমেন ফিল্ডে সোমবার ভোরে ৩-০ গোলে হেরেছে মিয়ামি। ম্যাচের ২৬ মিনিটে ওডি রোজারিওর গোলে এগিয়ে যায় সিয়াটেল। পেনাল্টি থেকে পাওয়ায় শটে ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান অ্যালেক্স রোলডান। শেষমুহূর্তে তৃতীয় গোলটি করেন পল রথরক।
ম্যাচজুড়ে অবশ্য বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মিয়ামিই। ৬৮ শতাংশ বল ধরে রাখেন মেসি-বুসকেটসরা। গোলের জন্য নেয়া ১০ শটের মধ্যে অবশ্য একটিও লক্ষ্যে রাখতে পারেননি তারা। অন্যদিকে ১১ শটের মধ্যে সিয়াটেলের ৭ শটই ছিল লক্ষ্যে।
২০২৩ সালে মেসির অভিষেক মৌসুমে লিগস কাপ জিতেছিল ক্লাবটি। একই সাফল্যের পুনরাবৃত্তি করার সুযোগ ছিল। ওই মৌসুমেই সাপোর্টার্স শিল্ড জিতেছিল মিয়ামি।
৪৬ ট্রফি জিতে আগেই সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি। ৪১ ট্রফি জেতা দানি আলভেজ ফুটবল ছেড়েছেন আরও আগে। এ মুহূর্তে শিরোপা জেতায় মেসির ধারেকাছেও নেই অন্যকেউ। নিজেকে আরেকধাপ ছড়িয়ে যাওয়ার সুযোগ ছিল, সেটির জন্য অপেক্ষা বাড়ল মেসির।







