বিনোদন

মারা গেছেন দক্ষিণের বর্ষীয়ান নির্মাতা সিঙ্গিথাম

মারা গেছেন দক্ষিণের বর্ষীয়ান নির্মাতা সিঙ্গিথাম

মারা গেছেন দক্ষিনী ইন্ডাস্ট্রির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও সুরকার সিঙ্গিথাম শ্রীনিবাস রাও। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (৩ অক্টোবর) রাতে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে এ প্রবীণ পরিচালকের বয়স হয়েছিল ৯৪ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে একাধিক ভাষায় নির্মাণ করেছেন ৬০টিরও বেশি সিনেমা। ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুদুরে জন্ম সিঙ্গিথাম শ্রীনিবাস রাওয়ের। চলচ্চিত্রে তার পথচলা শুরু কিংবদন্তি নির্মাতা কে ভি রেড্ডির সহকারী হিসেবে। ‘মায়াবাজার’ (১৯৫৭) ও ‘জগদেকা ভীরুনি কথা’ (১৯৬১)-এর মতো গুরুত্বপূর্ণ সিনেমার নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও তেলেগু সিনেমার অন্যতম ব্যতিক্রমী ও উদ্ভাবনী নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন সিঙ্গিথাম।

বিজ্ঞান কল্পকাহিনি, ফ্যান্টাসি, কমেডি, সামাজিক গল্প কিংবা জীবনীভিত্তিক সিনেমা কোনো নির্দিষ্ট ঘরানার মধ্যে নিজেকে আটকে রাখেননি তিনি।  ১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় সিঙ্গিথামের। এরপর একের পর এক ভিন্নধর্মী কাজ দিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন তিনি।

সামাজিক বাস্তবতা থেকে কল্পনার জগৎ প্রতিটি সিনেমাতেই নতুন কিছু করার চেষ্টা ছিল তার। ১৯৭৪ সালে নির্মাণ করেন ‘দিক্কাত্র পার্বতী’। সিনেমাটি তামিল ভাষার সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এরপর ১৯৭৭ সালের ‘থারাম মারিন্দি’ তাকে এনে দেয় নন্দী পুরস্কার।

সিঙ্গিথামের উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ১৯৮৫ সালের ‘ময়ুরি’। ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী সুধা চন্দ্রনের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে অভিনয়ও করেন সুধা। দর্শক-সমালোচকের প্রশংসা পাওয়ার পাশাপাশি একাধিক পুরস্কারও অর্জন করে সিনেমাটি। পরে এটি হিন্দিতে ‘নাচে ময়ুরি’ নামে নির্মিত হয়।

তবে সিঙ্গিথামের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কাজগুলোর একটি ‘পুষ্পক বিমানম’। কমল হাসান ও অমলা অভিনীত ১৯৮৭ সালের এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল প্রচলিত অর্থে এতে কোনো সংলাপ ছিল না। শব্দ, অভিনয়, শরীরী ভাষা ও পরিস্থিতির মাধ্যমে গল্প বলেছিলেন নির্মাতা। সংলাপহীন এই সিনেমাটিই পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবির সম্মান অর্জন করে। শুধু তেলুগু নয়, ভারতীয় সিনেমায় পরীক্ষামূলক নির্মাণের অন্যতম উজ্জ্বল উদাহরণ হিসেবে আজও আলোচিত ‘পুষ্পক বিমানম’।

বিষয়:চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার মারা গেছেন সিঙ্গিথাম শ্রীনিবাস রাও সুরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…