মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা বিশেষ আদেশের সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়: মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। এটি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এ কারণে মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।
বিশেষ আদেশে আরও বলা হয়: এ কারণে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারায় (৩) প্রদত্ত ক্ষমতাবলে দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।
এতে আরও বলা হয়: এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।







