বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে বিশ্বজয়ী গেছেন মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে। মাঝে বছর চারেক পার হলেও বার্সার খোঁজ খবর এখনও রাখেন মেসি। কাতালুনিয়ান দলটির তরুণ তারকা লামিন ইয়ামাল ফুটবলের দারুণ অবদান রাখবেন বলে বিশ্বাস তার।
সম্প্রতি জার্মানিতে অ্যাডিডাসের এক ইভেন্টে ৩৭ বর্ষী মেসি বলেছেন, ‘আমি বার্সেলোনাকে আবার লা লিগা, কোপা ডেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখতে চাই। যে বছরগুলোতে এটি সম্ভব নয়, অন্তত সে শেষমুহূর্ত পর্যন্ত প্রতিযোগিতা করুক এমন চাই।’
ইয়ামালের মধ্যে নিজের ছায়া দেখেন মেসি। ১৭ বর্ষী স্পেনিয়ার্ড ফরোয়ার্ড ইয়ামাল প্রসঙ্গে বলেছেন, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে, যাদের সামনে অনেক বছর পড়ে আছে। যদি কাউকে বেছে নিতে হয়, সেটা তার বয়স ও ভবিষ্যতের কারণে, আমি শুনেছি অনেকেই লামিন ইয়ামালকে বেছে নিয়েছে। কোনো সন্দেহ নেই আমিও সেটাই করব, আমি একমত। তবে এটা তার উপর এবং আরও অনেককিছুর উপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সে ফুটবলের বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তার সামনে।’







