যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন লিওনেল মেসি, শনিবার রাত থেকেই চাউর খবরটি। মহাতারকার হাতে পুরস্কারের পদক তুলে দেয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে লিওনেল মেসি অনুষ্ঠানে হাজি হতে পারেননি।
মেসির পক্ষে দেয়া এক বিবৃতিতে কারণ খোলাসা করা হয়েছে। বলা হয়েছে, ‘হোয়াইট হাউজ ফিফাকে জানিয়েছিল, তারা ডিসেম্বরের শেষে ক্লাবকে জানিয়েছিল যে লিওকে এই স্বীকৃতি দেয়া হবে।’
‘লিও ক্লাবের মাধ্যমে, হোয়াইট হাউজে একটি চিঠি পাঠিয়েছিলেন যে, তিনি গভীরভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়া একটি বিশেষ অর্জন। কিন্তু সাংঘর্ষিক সময়সূচি ও পূর্বের প্রতিশ্রুতির কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। ধন্যবাদ জানিয়ে অদূর ভবিষ্যতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে আশা করছেন।’
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, জাতীয় স্বার্থ, বিশ্বশান্তি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের এ পদক দিয়ে সম্মানিত করে থাকেন।
পুরস্কার নিতে অন্য প্রার্থীদের সবাই এসেছিলেন। কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসন থেকে শুরু করে হিলারি ক্লিনটন, কেউই বাদ ছিলেন না।
সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড আটবার। একবার বিশ্বকাপ, দুবার কোপা আমেরিকা, চারবার চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৪৬ ট্রফি জিতে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড়। লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করা মেসি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন।
প্রথম পুরুষ ফুটবলার হিসেবে এই সম্মান পেলেন মেসি। যুক্তরাষ্ট্রের দুবারের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার মেগান র্যাপিনো সম্মননাটি পান ২০২২ সালে।







