স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে অ্যাঙ্গোলা। আফ্রিকার দেশটিতে পা রাখতে বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। প্রবেশের আগে লিওনেল স্কালোনি-লিওনেল মেসিদের রোগ প্রতিরোধমূলক টিকা গ্রহণ করতে হবে।
অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় ১৪ নভেম্বর গড়াবে ম্যাচ। সাধারণত মধ্য আফ্রিকার দেশগুলোতে কোন পর্যটক বা বিদেশিদের ভ্রমণে স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করা বাধ্যতামূলক। অ্যাঙ্গোলাও ব্যতিক্রম নয়। সে কারণে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়দের বিপজ্জনক রোগ প্রতিরোধের টিকা নিতে হবে।
অ্যাঙ্গোলা এবং বেশিরভাগ আফ্রিকান দেশে প্রবেশের জন্য বাধ্যতামূলক হল হলুদ জ্বরের টিকা নেয়া। চিকিৎসকের পরামর্শ অনুসারে, আফ্রিকা ভ্রমণে বিদেশিদের জন্য সাতটি পর্যন্ত বিভিন্ন ধরনের টিকা রাখার পরামর্শ দেয়া হয়। মেসি-মার্টিনেজদের হলুদ জ্বরের পাশাপাশি বেশ কয়েকটি টিকা গ্রহণ করতে হবে, জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আলবিসেলেস্তেদের হয়ে টিকা নেয়া প্রথম খেলোয়াড় হলেন জিওভানি লো সেলসো। স্পেনে তিনি এ টিকা গ্রহণ করেছেন। যেজন্য রিয়াল বেটিসের হয়ে কোপা ডেল রের ম্যাচে উপস্থিত ছিলেন না।







