মেসি-রোনালদোকেও পেছনে ফেলল কেনের ৫০ গোল!

Lionel Messi wearing a blue jersey with the number 10, kicking the ball during a match with players and referee in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
অফসাইড, নাকি অফসাইড না- এই বিতর্ক এড়িয়ে পেনাল্টি থেকে গোল করে ইংলিশদের মান বাঁচিয়েছেন হ্যারি কেন। তাতে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ অধিনায়কের। তার এই কীর্তি পেছনে ফেলেছে ফুটবলের দুই কিংবদন্তি মেসি-রোনালদোকেও!
উয়েফা নেশন্স লিগের ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে গোলের অর্ধশতকের দেখা পেয়েছেন ২৮ বর্ষী। ওয়েইন রুনির পর ইংলিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক এখন কেন। রুনির থেকে আর মাত্র তিন গোল পিছিয়ে তিনি।
গোলের সংখ্যায় মেসি-রোনালদোর থেকে অনেকটা পিছিয়ে থাকলেও এক জায়গায় তাদের ছাড়িয়ে গেছেন কেন। ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে মেসি যেখানে খেলেছেন ১০৭ ম্যাচ। রোনালদো খেলেন ১১৪ ম্যাচ। সেখানে মাত্র ৭২তম ম্যাচে মাঠে নেমেই তাদের ছাড়িয়ে গেছেন কেন। তবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে ১৮৮ ম্যাচে রেকর্ড ১১৭ গোল এখন পর্তুগিজ সুপার স্টারের দখলে। ১৬২ ম্যাচে মেসির গোলের সংখ্যা ৮৬।
জার্মানদের বিপক্ষে ১ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ইংল্যান্ড। ৮৮ মিনিটে ভুল করে বসে জার্মান ডিফেন্স। পেনাল্টি পায় ইংলিশরা। তবে তার আগে বিতর্ক ছিল অফসাইডের। মাঠে জার্মান ফুটবলাররা আপিল করলেও আমলে নেয়নি ম্যাচ রেফারি। সুযোগ কাজে লাগিয়ে হারের লজ্জা এড়ায় ইংলিশ অধিনায়ক। তাতে নাম ওঠে রেকর্ড বইয়ের পাতায়। ম্যাচ শেষে বিশেষ অনুভূতির কথা জানিয়েছেন কেন।
‘সত্যিই এটি চমৎকার এক অনুভূতি। ম্যাচের প্রথম দিকে কয়েকটি সুযোগ পেয়েছিলাম। স্পষ্টতই প্রথমটি গোল বারের উপরে এবং তার পরেরটি ম্যানুয়েল নয়্যার ভাল সেভ করেছিলেন। ম্যাচের শেষ আধা ঘণ্টা আমারা সেরা ফুটবল খেলেছি। শারীরিকভাবে, আমরা সত্যিই শক্তিশালী।’
‘‘তবে এটা হতাশাজনক যে আমরা ম্যাচে জয় পায়নি। আমি গোল করতে পছন্দ করি, বিশেষ করে আমার দেশের হয়ে। যখনই আমি দলকে সাহায্য করতে পারি, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’’






