আন্তর্জাতিক

ইউরোপীয় কূটনীতিকদের বহরে ইসরায়েলিদের হামলা, মারধরের শিকার ফরাসি মেয়র

ইউরোপীয় কূটনীতিকদের বহরে ইসরায়েলিদের হামলা, মারধরের শিকার ফরাসি মেয়র

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের একটি বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় ফ্রান্সের এক সফররত মেয়রকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন ৭৮ বছর বয়সী ফরাসি মেয়র বার্নার্ড বোদু।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার এক মার্কিন আলোকচিত্রীও বসতি স্থাপনকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর শনিবার তিনি এ সতর্কবার্তা দেন।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর অউলনোয়া-এমেরির মেয়র বোদু জানান, মুখোশধারী বসতি স্থাপনকারীরা ফ্রান্সকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেন। পরে তাকে লোহার রড দিয়ে লাথি ও আঘাত করা হয়। হামলার পর তাকে একটি গাড়ির পাশে পড়ে থাকতে দেখা গেলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।

বার্তা সংস্থা এএফপিকে বোদু বলেন, ‘বসতি স্থাপনকারীরা যদি এভাবে আচরণ করতে পারে, তাহলে এর পেছনে ইসরায়েলি সরকারের একধরনের প্রশ্রয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের সবার জানা উচিত, এখানে কী ঘটছে। আমি নিজ দেশে ফিরে যাব, সেখানে আমার সবকিছু ঠিক থাকবে। কিন্তু যারা এখানে বসবাস করছেন, তারাই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।’

ফরাসি ও বেলজিয়ামের শীর্ষ প্রতিনিধিদের পাশাপাশি পোল্যান্ডের কূটনীতিকদের উপস্থিতিতে পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে জলপাই সংগ্রহে অংশ নিয়েছিলেন বোদু। এ সময় তার পরনে ছিল ফ্রান্সের জাতীয় পতাকার রঙের ফিতা।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক বিবৃতিতে বলেন, ইসরায়েলকে অবিলম্বে অপরাধমূলক সহিংসতা বন্ধ করতে হবে এবং বোদুর ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও একই ধরনের আহ্বান জানিয়েছেন।

ফরাসি মেয়রের ওপর হামলার মাত্র এক দিন আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর আলোকচিত্রী হেইডি লেভিনকে মারধর করেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা এসব ছবি এবং যা ঘটছে, তা দেখে গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে উত্তেজনা বা নতুন কোনো সংকট দেখতে চান না।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি হামলাটিকে ‘মুখোশধারী কাপুরুষদের সংঘটিত ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন। একই সঙ্গে হামলাকারীদের বিচার ও কারাদণ্ড নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

বিষয়:ইউরোপীয় কূটনীতিক ইসরায়েলি বসতি স্থাপনকারী জ্যঁ-নোয়েল ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কর্মসূচি
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…