ইউরোপের প্রতিদ্বন্দ্বিতায় একসময় বিশ্বকে মাতিয়ে রাখতেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। পরে হঠাৎ কোনো কোনো ম্যাচে দেখা হয়েছে তুমুল জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী জুটির। রোনালদো-মেসি ক্লাব ফুটবলে দুদিকে চলে যাওয়ার পর মুখোমুখির সম্ভাবনা কমে যায়। এবার আবারও দেখা হওয়ার পালা, সেটি মাঠে। রিয়াদ সিজন কাপে দেখা হচ্ছে দুই মহাতারকার, সেজন্য তর সইছে না বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মেসির।
রিয়াদ সিজন কাপে সৌদি ক্লাব আল নাসেরের বিপক্ষে খেলা নিয়ে ইন্টার মিয়ামির মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ৩৬ বর্ষী মেসি লিখেছেন, ‘আমার দল ইন্টার মিয়ামির রিয়াদসিজনকাপে অংশগ্রহণ নিয়ে আর অপেক্ষা করতে পারছি না। সেখানে আমরা ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদি ক্লাবের মুখোমুখি হবো।’
সৌদি প্রো লিগের মৌসুম মধ্যবর্তী বিরতির পর রোনালদোর আল নাসের মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামির। পহেলা ফেব্রুয়ারি রিয়াদে হবে ম্যাচ। সেখানে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির দল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর আল হিলালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।









