‘ভ্রমণ ক্লান্তি, বিভিন্ন শহরের বিভিন্ন ধরনের আবহাওয়া এবং মাঠে অনেক শক্তি-তীব্রতার জন্য এখানে মানিয়ে নেয়া সহজ হবে না’- কথাগুলো বলেছিলেন ডিসি ইউনাইটেডের কোচ ওয়েন রুনি। মেসিকে নিয়ে একই ধরনের কথা বললেন ইন্টার মিয়ামির মালিক পক্ষের একজন ডেভিড বেকহ্যামও।
ইংল্যান্ডের সাবেক তারকা মিডফিল্ডার বলছেন মেসির মিয়ামিতে মানিয়ে নিতে সময় লাগবে। তার মতে, সবাই যেমন ভাবছে মাঠে মেসির উপস্থিতির তড়িৎ সুফল পাওয়া যাবে, এমন নাও হতে পারে। ইউরোপ থেকে এখানকার খেলার ‘ধরন আলাদা’ এমনও বলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা।
‘মেসির এখনও সময়ের প্রয়োজন হবে, সে যতই ভালো হোক না কেনো, তার মর্যাদা যাই হোক না কেনো, বুসকেটস এবং তার মানিয়ে নিতে সময় লাগবে। তারা আমাদের বিস্মিত করতে পারেন, আমরা প্রতিটি খেলা জিততে পারি, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে।’
আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতিতে কী প্রভাব পড়তে পারে, সেটিও বলেছেন বেকহ্যাম, ‘একটা বিষয়ে মিল হবে, যখন আমি এমএলএসে এসেছিলাম হঠাৎ সবাই ভাবল, এলএ গ্যালাক্সি সবকিছু জিতবে। এলএ প্রতিটি খেলা ৭-০, ৮-০তে জিততে চলেছে। অন্যকেউ কিছু জিততে পারবে না।’
ইন্টার মিয়ামিতে আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন বিশ্বজয়ী মেসি। পরিচিতি পর্ব সেরে প্রথমদিনের অনুশীলনও করেছেন ৩৬ বর্ষী মহাতারকা।







