লিগ কাপের দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার পথে ডেভিড বেকহ্যাম বসে থাকা স্ট্যান্ডের দিকে কিছু একটা ইঙ্গিত করেছিলেন লিওনেল মেসি। সেটা নিয়ে কথা ওঠে, বেকহ্যামের সঙ্গে উদযাপন করতে ‘আমার জন্য বিয়ার রেখো’ বলেই ইঙ্গিত করেছেন বিশ্বজয়ী কিংবদন্তি। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো অবশ্য জানালেন ভিন্ন কিছু। ইঙ্গিতটি বেকহ্যামের প্রতি নয়, সন্তানদের উদ্দেশ্যেই করেছেন মেসি।
আগের মৌসুমে টানা ১১ ম্যাচে জয়ের দেখা না পাওয়া মিয়ামিকে নতুন মৌসুমের শুরুতেই পথ দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। দুই ম্যাচে তিন গোল করে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছেন। অভিষেক ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের পর দ্বিতীয়টিতে ৪-০ গোলের বড় জয় পায় মিয়ামি।
গোল করে হাত উপরে তুলে আকাশের দিকে তাকিয়ে প্রয়াত দাদীকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে। যেটি মূলত মেসির ট্রেডমার্ক উদযাপন। ওই ম্যাচেও সেটি করেছেন। এরপরই মেসিকে দেখা যায় গ্যালারির দিকে এক হাত বাড়িয়ে দিয়ে কিছু একটা ধরার ইঙ্গিত করছেন। টাচলাইনে যাদের দিকে ইঙ্গিত করেছেন, সেখানে বেকহ্যাম ছিলেন, পাশেই ছিলেন মেসির সন্তানরা ও স্ত্রী।
সেই ইঙ্গিতের ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোকুজ্জো জানালেন, মেসি তখন থিয়াগো, সিরো এবং মাতেওর দিকে ইঙ্গিত করেছিল। আমরা ছিলাম কিছুটা ভিড়ের মধ্যে। থিয়াগো একজন মার্ভেল ভক্ত, ‘থর’ তার প্রিয় একটি চরিত্র। আর সন্তানদের দিকে ওভাবে থরের আইকনিক হাতুড়ি ধরার দৃশ্য ইঙ্গিত করেছেন মেসি। সিনেমার আসগার্ডিয়ান দেবতার অনুকরণ করছিলেন তিনি।
এই উদযাপনের পর মেসিকে নায়কের ভঙ্গিতেই হাসতে দেখা যায়। ইন্টার মিয়ামির জার্সিতে সন্তানদের সঙ্গে মেসির এমন উচ্ছ্বাস দেখে সমর্থকদের আশা, সিনেমার সেই চরিত্রের মতোই নতুন মৌসুমটা দারুণভাবে রাঙাবেন মহাতারকা।







