বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি। এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তার ক্লাব ইন্টার মিয়ামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের হতাশাও ব্যক্ত করেছেন ৩৭ বর্ষী বিশ্বজয়ী অধিনায়ক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনার সাথে উরুগুয়ে এবং ব্রাজিলের এ গুরুত্বপূর্ণ খেলাগুলোয় থাকতে না পেরে আমি দুঃখিত। আমি সত্যিই জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছিলাম কিন্তু একটি ছোট চোটের কারণে আমাকে বিশ্রাম নিতে হবে।’
‘তাই আমি আপাতত খেলতে পারছি না। অন্য যে কোনও ভক্তের মতো এখান থেকে সমর্থন এবং উল্লাস করব। চলো আর্জেন্টিনা!’
মেসির ক্লাব ইন্টার মিয়ামি তার এমআরআই করে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে তারা বিবৃতিতে বলেছিল, ‘আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির চোটে অস্বস্তির পরিমাণ কতটা ছিল তা নির্ধারণের জন্য সকালে এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে পেশীতে স্বল্প মাত্রার আঘাত পাওয়া গেছে। তার চিকিৎসার অগ্রগতি এবং প্রতিক্রিয়া প্রতিযোগিতায় তাকে পাওয়ার বিষয়টি ঠিক করবে।’








