কোপা আমেরিকার আগে আলোচনায় লিওনেল মেসির চোটের খবর। মেজর লিগ সকারে বৃহস্পতিবার অরল্যান্ডোর বিপক্ষে খেলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। তার অনুপস্থিতিতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।
মন্ট্রিলের সঙ্গে গত শনিবারের ম্যাচে বাঁ-হাঁটুর চোটে পড়েন মেসি। খেলা শেষে মিয়ামির কোচ টাটা মার্টিনোর দিকে প্রশ্ন যায়- বিশ্বজয়ীকে ছাড়া মাঠে নামার দরকার পড়বে কিনা? এ সময় তিনি অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়া আগেও দলের খেলতে নামার বিষয়টি মনে করিয়ে দেন।
‘তার (মেসি) হাঁটুতে একটা অস্বস্তি ছিল। যদিও তিনি প্রতিদিন অনুশীলন করেছেন। তার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং রিপোর্টের ফল খুব ভালো এসেছে। এই সপ্তাহে তিনটি ম্যাচ খেলে তার ব্যথা বাড়তে পারত। আমরা জানতাম আজকের ম্যাচে তার বসে থাকাটা বুদ্ধিমানের কাজ।’
‘ধারণা করছি, তিনি শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি খেলবেন। তবে এটি চোটের অবস্থা কেমন, তার উপর নির্ভর করবে। তিনি আজও অনুশীলন সেরেছেন এবং তাতে ভালো করেছেন। আমরা ঝুঁকি নেবো না, পর্যবেক্ষণ করবো।’
আগামী ১০ জুন কোপা আমেরিকায় নিজেদের অভিযানের আগে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে। মেসির দল ২১ জুন কোপায় খেলবে নিজেদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ কানাডা।








