মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে সবধরনের প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। ম্যাচটির মধ্য দিয়ে অভিষেক হওয়ার কথা লিওনেল মেসির। ফিটনেস টেস্টেও উত্তীর্ণ হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। কোচ টাটা মার্টিনোর ইঙ্গিত, শুরুর একাদশে বেঞ্চেই থাকতে পারেন ৩৬ বর্ষী মেসি।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মিয়ামির মাঠে গড়াবে ক্রুজ আজুল-ইন্টার মিয়ামি লড়াই।
ইন্টার মিয়ামিতে আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন বিশ্বজয়ী মেসি। এরপর বিশাল আয়োজনে তাকে বরণ করে নেয় ক্লাবটি। আনুষ্ঠানিক পরিচিতি পর্ব সেরে মৌসুমের প্রথম ম্যাচের জন্য অনুশীলনও করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
মেসিকে বরণ করে নেয়ার অনুষ্ঠানে ক্লাবটির মালিক পক্ষের একজন ডেভিড বেকহ্যামের সুরেও ছিল শুরুতে মেসিকে না খেলানোর ইঙ্গিত। ৪৮ বর্ষী বেকহ্যাম বলেছিলেন, ‘ম্যাচের কিছু অংশ’ খেলবেন মেসি। এমনকি মিয়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোও নাকি বেকহ্যামকে এমনই জানিয়েছিলেন। কোচের পরামর্শ, শুরুতে বেঞ্চেই রাখতে চান মহাতারকাকে।
৬০ বর্ষী মার্টিনো বলেছেন, ‘এই ম্যাচে মেসির প্রতি মানুষের প্রত্যাশা থাকবে না, এমনটা না হওয়ারই কথা। তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে।’
এমনকি স্পেনের মিডফিল্ডার সার্জিও বুসকেটসের অভিষেক হওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়ে দিয়েছেন কোচ মার্টিনো।







