ফুটবল

আমরা মেসির বার্সাকে হারিয়েছি, ইয়ামালের বার্সাকেও: সিমিওনে

আমরা মেসির বার্সাকে হারিয়েছি, ইয়ামালের বার্সাকেও: সিমিওনে

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলে হেরে গেছে বার্সেলোনা। বার্সার ন্যু ক্যাম্পে প্রথম লেগে জয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠ মেট্রোপলিটান স্টেডিয়ামে হেরে গেছে অ্যাটলেটিকো। দুই লেগ মিলে জয় তুলে নয় বছর পর সেমিফাইনালে ডিয়েগো সিমিওনের দল। তবে বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে দেয়া সহজ নয় বলছেন এ আর্জেন্টাইন তারকা।

ম্যাচ জয়ের পর সংবাদমাধ্যমে সিমিওনে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে দেয়া সহজ নয়। আমরা মেসির বার্সার মুখোমুখি হয়েছি, ইয়ামালের বার্সারও মুখোমুখি হয়েছে এবং আমরা তাদের হারিয়েছি।’

‘আমি এখানে আছি ১৪ বছর। দল এখনও প্রতিযোগিতার মধ্যে আছে দেখে কিছুটা আবেগপ্রবণ হয়েছি। খেলোয়াড়রা বদলেছে, আমরা কতবার নতুন করে শুরু করেছি এবং আবারও আমরা ইউরোপের সেরা চারটি দলের মধ্যে আছি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলাটা কী দারুণ এক অনুভূতি!’

সামনের মৌসুমে অ্যান্টোনিও গ্রিজম্যানের চলে যাওয়া নিয়ে সিমিওনে বলেন, ‘সে একজন জিনিয়াস। সময়ের সাথে সাথে আমরা উপলব্ধি করব যে, আমরা একজন ফুটবল প্রতিভাকে পেয়েছিলাম; এমন একজন খেলোয়াড় যিনি অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আশা করি, ঈশ্বর ও নিয়তি আমাদের সাথে তার বাকি সময়ে তাকে তার কাঙ্ক্ষিত জিনিসটি দেবেন।’

ম্যাচের পর গ্রিজম্যান বলেছেন, ‘আমি খুব খুশি। আমরা দুটি ভুল করেছিলাম, এই ধরনের ম্যাচে যার খেসারত সঙ্গে সঙ্গেই দিতে হয়। দ্বিতীয় গোলটির জন্য আমিই বলটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত, সমর্থকদের সমর্থন এবং আমাদের সামর্থ্যের জোরে আমরা গোলটি করতে পেরেছি।’

‘আমরা বল নিয়ে ছন্দে ছিলাম না, খেলার জন্য যে স্থিরতা দরকার ছিল, তা আমাদের ছিল না। কিন্তু আমরা সেমিফাইনালে উঠে এসেছি। আমরা কার সাথে খেলছি, তা কোনো ব্যাপার না।’

বিষয়:অ্যাটলেটিকো ইয়ামাল গ্রিজম্যান চ্যাম্পিয়ন্স লিগ বার্সা মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…