ফুটবলে লিওনেল মেসির সব স্বপ্নই পূরণ হয়েছে, জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। বয়স ৩৭ হয়ে গেছে। খেলোয়াড়ি জীবন শেষে অবসর নিয়ে কী করবেন মেসি? জানার আগ্রহ ভক্ত-সমর্থকদের। অবসরে যা-ই করেন না কেনো, কোচিংয়ে আসার সম্ভাবনা নেই বললেই চলে, জানিয়ে দিলেন বিশ্বজয়ী।
কয়েকবছর আগে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, খেলোয়াড়ি জীবন শেষে কোনো না কোনভাবে ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন। সে প্রসঙ্গ টেনে প্রশ্ন ছিল মেসি কোচ হতে চান কিনা।
৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে সাক্ষাৎকারে ৩৭ বর্ষী মেসি বলেছেন, ‘অবসরের পর আমি কী করতে চাই, সেটা এখনই বলতে পারছি না, তবে আমি কোচ হতে চাই না।’
‘এখনও সবকিছু পরিষ্কার নয়। নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই। প্রতিদিন যা কিছু করি তার আগের চেয়ে অনেক বেশি মূল্য দেই। ডে বাই ডে হিসেবে চিন্তা করি যাতে খেলা, অনুশীলন এবং মজা করতে পারি।’








