শিক্ষা

‘জিয়াউর রহমানের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন’

‘জিয়াউর রহমানের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন’

ছবি: সংগৃহীত

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর উপ সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

দেশের ক্রান্তিকালে তার ভূমিকা, নেতৃত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের বিষয়টি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফেরদৌস হোসেন বলেন, তৎকালীন সংকটময় পরিস্থিতিতে জিয়াউর রহমান ছিলেন দেশের মানুষের অন্যতম ভরসার স্থল।

তার ঐতিহাসিক ভূমিকা ও ৭ নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশের ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, একটি জাতির অগ্রযাত্রায় শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দায়িত্বশীল, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য দেন লেখক, প্রকাশক ও সাংবাদিক দেলোয়ার হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইয়ুম সরদার এবং এগ্রিবিজনেস বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোশাররফ হোসেনসহ প্রমূখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যাডভাইজর, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিষয়:৭ নভেম্বর জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মো. ফেরদৌস হোসেন নতুন প্রজন্ম ভূমিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…