বাংলাদেশ

‘ক্যাপচারিং উইংস’ কর্মশালায় আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা

‘ক্যাপচারিং উইংস’ কর্মশালায় আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা

আলোকচিত্র চর্চার পাশাপাশি পাখি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতি সংরক্ষণে আলোকচিত্রের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাপচারিং উইংস: ইন্ট্রোডাকশন টু বার্ড ফটোগ্রাফি অ্যান্ড কনজারভেশন ওয়ার্কশপ’শীর্ষক বিশেষ কর্মশালা।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এনভায়রনমেন্টাল ফটোগ্রাফিক সোসাইটির (ইপিএস) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন আলোকচিত্রী ও আলোকচিত্রে আগ্রহী ব্যক্তি অংশ নেন।

ইপিএস-এর সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় কর্মশালার সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি কাউসার হাবিব সোমেল। এতে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন আলোকচিত্রী মনিরুল ইসলাম।

কর্মশালায় পাখি আলোকচিত্রের প্রাথমিক ধারণা, ছবি তোলার কৌশল, পাখির আচরণ পর্যবেক্ষণ, আলো ও পরিবেশের ব্যবহার এবং মাঠপর্যায়ে ছবি ধারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পাখির আবাসস্থল, জীববৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণের সঙ্গে আলোকচিত্রের সম্পর্ক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, পাখির ছবি তোলার ক্ষেত্রে দায়িত্বশীল ও নৈতিক আলোকচিত্র চর্চার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা বলেন, পাখির স্বাভাবিক আচরণ ও জীবনযাত্রায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আলোকচিত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্যের গল্প মানুষের কাছে পৌঁছে দিতে আলোকচিত্রকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, পাখিকে জানা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রকৃতিকে জানার আগ্রহ তৈরি করা এবং আলোকচিত্রের মাধ্যমে সংরক্ষণ-চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

কর্মশালার সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর চেয়ারম্যান আবু নাসের খান এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সাবেক সভাপতি আশফাক আহমেদ। তারা কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বিষয়:প্রকৃতি সংরক্ষণের বার্তা ফটোগ্রাফি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…