ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিসিপি) বিভাগ এবং গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের মধ্যে যৌথ প্রাতিষ্ঠানিক ও শিল্পখাত সহযোগিতা (একাডেমিক-ইন্ডাস্ট্রি কলাবোরেশন) বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও পেশাদার দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়। সহযোগিতার আওতায় বিভাগের শিক্ষার্থীদের তৈরি চলচ্চিত্র, তথ্যচিত্র এবং বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রযোজনা চ্যানেল আইয়ের প্ল্যাটফর্মে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক কার্যক্রমে সহায়তার জন্য চ্যানেল আইয়ের পক্ষ থেকে ১৫ লাখ টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। চুক্তির আওতায় বিভাগের উদ্যোগে একটি জাতীয় চলচ্চিত্র উৎসব আয়োজন করা হবে, যেখানে দেশের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষার্থীদের সেরা কাজগুলো মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে। শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের জন্য চ্যানেল আইয়ে নিয়মিত ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক চ্যানেল আই পরিদর্শনের ব্যবস্থা এবং রেডিও ভূমিতে কাজ শেখার সুযোগও রাখা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চ্যানেল আইয়ের এই যৌথ উদ্যোগ দেশের গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে।







