সিলেটের কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের প্রথম দিন বিকেলে তিনি সরেজমিনে সাদা পাথর চুরি যাওয়া স্থানগুলো পরিদর্শন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করার সময় এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।








