প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে হারের পরই অবসর নিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। এবার অবসর ভেঙে আবারও ব্রাজিল দলে ফিরলেন ৩৯ বর্ষী তারকা। জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকাতে খেলতেই তাকে ফেরানো হয়েছে।
অলিম্পিকের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ১-০তে হেরে যায় ব্রাজিল। সোনার পদকের স্বপ্ন হারিয়ে তৃতীয়বার রূপার স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় মার্তাকে। ওই আসরের পর আর দেশের হয়ে দেখাও যায়নি তাকে। কিন্তু ফিরছেন তিনি নতুন উদ্যমে। জাপানের বিপক্ষে সামনের দুটি প্রীতি ম্যাচে ব্রাজিল দলে রাখা হয়েছে এই ফরোয়ার্ডকে।
কিছুটা ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। এই বছরের জানুয়ারিতে ক্লাব ফুটবলে অরল্যান্ডো প্রাইডের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন তিনি। যুক্তরাষ্ট্রের দলটির হয়ে ২০১৭ সাল থেকে খেলছেন তিনি, বরাবরের মতো ভালো ফর্মে আছেন চলতি মৌসুমেই।
আগামী ৩০ মে ও ২ জুন ঘরের মাঠের জাপানের মেয়েদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের মেয়েরা। পরে ২৭ জুন ফ্রান্সের সঙ্গেও খেলবে তারা। সেটির আগেই অবশ্য কোপা আমেরিকার দল ঘোষণা করতে হবে।








