সাফজয়ী পাহাড়ের তিন কন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে রাঙামাটিতে রাজকীয় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।
শনিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জয়ী ফুটবলারদের ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা ও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল শওকত ওসমান, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক ফুটবলারকে ৫০ হাজার টাকাসহ সম্মাননা স্মারক প্রদান করেন রাঙামাটি পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ।







