কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে গড়াতে তখন বাকি সবে ১৮ সেকেন্ড। ইব্রাহিমা কোনাতের পাসে বল পান রান্ডাল কোলো মুয়ানি। তার শট ওয়ার্ল্ড ক্লাস ভঙ্গিতে পা দিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। ‘বিশ্বকাপ বাঁচানো’ সেই সেভের পর ৩-৩ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে। টাইব্রেকারে গড়ায় ফাইনাল। মার্টিনেজ বীরত্বে শেষ হাসি হাসে আর্জেন্টিনা।
ফাইনালে তো বটেই, টুর্নামেন্টজুড়েই ‘বাজপাখির’ মতো ক্ষিপ্র ও ছোঁ মেরে বল ঠেকিয়ে সম্মুখযোদ্ধা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের দেয়া সেই ‘বাজপাখি’ নাম বাংলায় বলেছেন আলবিসেলেস্তে তারকা। সঙ্গে ‘বিশ্বকাপ বাঁচানো’ সেই মুহূর্তটির স্মরণে যে ট্যাটু করিয়েছেন পায়ে, দেখিয়েছেন সেটিও।
সোমবার ভোরে ঢাকায় পা রাখা মার্টিনেজ ফাইনালে অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকের সেই বল ঠেকিয়ে দেয়া পায়ের জায়গাটাতে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করিয়েছেন। সেই ট্যাটুটাই দেখালেন গালভর্তি হাসি নিয়ে।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন মার্টিনেজ। আলাপচারিতার মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে বিশ্বজয়ী তারকা ট্যাটু দেখান।
মুহূর্তটির বিবরণ দিয়ে ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘আজকে সে ইন্টারভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হলো, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে।’







