ক্যারিয়ারের উড়ন্ত সময় পার করছেন এমিলিয়ানো মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতে নিয়মিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি তাকে। আর্জেন্টিনাকে দুটি কোপা ও বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন। টানা দুই মৌসুমে ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষক ‘ইয়াসিন ট্রফি’ জিতেছেন। ২০২২ সালে ফিফার বর্ষসেরার পুরস্কার জেতার পর ২০২৪ সালেও বর্ষসেরা হয়েছেন ৩২ বর্ষী গোলরক্ষক। বিশ্বজয়ী গোলরক্ষক জানালেন গ্লাভস জোড়া তুলে রাখার পরিকল্পনার কথা।
বুধবার (১৮ ডিসেম্বর) ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের দ্বিতীয়বছর পূর্ণ হয়েছে আর্জেন্টিনার। সে উপলক্ষে ফুটবল ফেডারেশন (এএফএ) বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে। ‘ফুটবল টক’ নামক সাক্ষাৎকার অনুষ্ঠানটিতে অবসর নিয়ে কথা বলেন। যদিও অবসরের জন্য একটি শর্ত দিয়ে রেখেছেন মার্টিনেজ। শর্তটি পূর্ণ হলেই অবসরে যাবেন মার্টিনেজ। বলেছেন, ২০২৬ বিশ্বকাপ জিতলে নিজের গ্লাভস জোড়া তুলে রাখবেন।
‘এমন কোনো জাতীয় দল আছে যারা পরপর দু’বার বিশ্বকাপ জিতেছে? যদি আমি আর্জেন্টিনার হয়ে দু’বার বিশ্বকাপ জিততে পারি অবসর নিয়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি। তোমাদের আজই বলে দিলাম। আমি সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’
যদিও পরে আবার মজার ছলে এমিলিয়ানো বলেন, ‘আমি মাত্র ৩২ বয়সে আছি, বিশ্বকাপ যখন আসবে তখন সেটি হবে ৩৩, অর্থাৎ, যথেষ্ট তরুণই থাকব তখনও।’
ফুটবল টক’-এ অ্যাস্টন ভিলার গোলরক্ষকের পাশাপাশি অংশ নিয়েছেন এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও লৌতারো মার্টিনেজ। সকলেই কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পথে নিজেদের স্মরণীয় মুহূর্তগুলো স্মরণ করেছেন।







