মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, আদালত তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করেছেন। এ সময় নাহিদের পক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে ৮১ বছর বয়সী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। পরে সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।
অভিযোগে আরও বলা হয়, আসামিদের সঙ্গে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। তারা আন্দোলনকারীদের এলোপাতাড়ি মারধর করেন এবং গুলি ছোড়েন। এতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে।
পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।
২১ বছর বয়সী সাদিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তার মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।


