প্রয়াত বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে অবহেলা রয়েছে, এমন অভিযোগে সাত পেশাদার স্বাস্থ্যসেবা কর্মীর বিরুদ্ধে বিচার চলছে। বিচার কার্যের মধ্যেই পুলিশ একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ম্যারাডোনার চিকিৎসার যাবতীয় তথ্য জব্দ করেছে।
আদালতের নির্দেশে বুয়েন্স আয়ার্সের একটি ক্লিনিকে পুলিশ রাতভর অভিযান চালায়। ওই ক্লিনিকে ম্যারাডোনা সম্পর্কিত ২৭৫ পৃষ্ঠার আর্কাইভ এবং ৫৪৭টি ইমেইল আদান-প্রদানের তথ্য পেয়েছে পুলিশ। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে।
লস অলিভোস ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর পাবলো ডিমিত্রফ সাক্ষ্য দিয়েছেন, ম্যারাডোনার অস্ত্রোপচারের আগে পরীক্ষা করা হয়েছিল এবং তখন কোনো জটিলতা ছিল। তারপর ক্লিনিকের একজন নিউরোসার্জন অস্ত্রোপচার করেন।
ম্যারাডোনার চিকিৎসার তথ্যগুলো সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি এবং বিচারকরা ২০২০ সালের ৩-১১ নভেম্বর পর্যন্ত বিশ্বজয়ীর সব ফাইল জব্দ করার জন্য অভিযানের নির্দেশ দেন। এরমধ্যে বৃহস্পতিবার বিচার কার্যও চলবে।
ম্যারাডোনার মাথার খুলি এবং মস্তিষ্কের মধ্যে তৈরি হেমাটোমার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। ৪-১১ নভেম্বর অলিভোসে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে ছিলেন। পরে তাকে বাড়িতে পাঠানো হয়, যেখানে ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে তিনি মারা যান।







