গাজা থেকে ফেরার পর ইসরায়েলের হাজার হাজার সেনা পিটিএসডিসহ নানা মানসিক সমস্যায় ভুগছেন। এমনকি তাদের অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এমনই তথ্য দিয়েছেন এলিরান মিজরাহি নামের ইসরায়েলের সামরিক বাহিনীর একজন সদস্যের পরিবার।
সোমবার (২১ অক্টোবর) একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, চার সন্তানের বাবা এলিরান মিজরাহিকে গত বছর হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে তাকে গাজায় পাঠানো হয়। পরে গাজায় যুদ্ধ চললেও সেখান থেকে তাকে ইসরায়েলে ফেরত আনা হয়। পুনরায় গাজায় পাঠানোর আগেই অবসাদে ভুগে আত্মহত্যা করেন তিনি।
এলিরানের মা জেনি মিজরাহি বলেন, গাজায় যুদ্ধ করতে গিয়ে এলিরান যা দেখেছিলেন, তাতে মানসিকভাবে বড় আঘাত পান। সেখান থেকে ফেরার পর চরম অবসাদে ভুগছিলেন। এর ফল মোটেও ভালো হয়নি। পুনরায় গাজায় পাঠানোর আগে আত্মহত্যা করেন তিনি। সে গাজা ছেড়েছিল, তবে গাজা তাকে ছাড়েনি। সেই অবসাদেই আমার ছেলেটা মারা গেল।
এলিরানের বোন শির বলেন গাজা থেকে ফেরার পর অল্পতে রেগে যেতেন এলিরান, রাতের পর রাত ঘুম হতো না, ঘামতে থাকতেন। পরিবারকে বলতেন, গাজায় তিনি যে কী অবস্থার মধ্য দিয়ে গেছেন, তা কেবল সেখানে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরাই বুঝবেন। সে অনেককে মারা যেতে দেখেছে। হয়তো কাউকে হত্যাও করেছে।
গাজায় ১৮৬ দিন ছিলেন এলিরান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর বুলডোজারে হামলা চালানো হয়। এতে হাঁটুতে আঘাত পান তিনি। তারপর চিকিৎসার জন্য গাজা থেকে ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে। এপ্রিলে তাঁকে পিটিএসডির চিকিৎসা দেওয়া শুরু হয়। প্রতি সপ্তাহেই থেরাপি নিচ্ছিলেন।
গাজা যুদ্ধ থেকে ফেরা এক–তৃতীয়াংশ ইসরায়েলি সেনাই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতি মাসে এক হাজারের বেশি আহত সেনাসদস্যকে চিকিৎসার জন্য ফিরিয়ে আনা হচ্ছে। তাদের ৩৫ শতাংশ নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে অভিযোগ করেছেন।
এলিরান যে মানসিক সমস্যায় ভুগছিলেন তার নাম ‘পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ (পিটিএসডি)। গাজা থেকে ফেরার পর ইসরায়েলের হাজার হাজার সেনা পিটিএসডিসহ নানা মানসিক সমস্যায় ভুগছেন। তবে তাদের কতজন আত্মহত্যা করেছেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।







