আমেরিকার ঐতিহ্যবাহী সংগঠন ‘আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফার্স’ (এএসসি)। ১৯১৯ সালে গঠিত এই সংগঠনের ৪৮তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান গুণী চিত্রগ্রাহক ম্যান্ডি ওয়াকার। এই মর্যাদাপূর্ণ পদে তিনিই নির্বাচিত প্রথম নারী।
২০২৩ সালে ‘এলভিস’ চলচ্চিত্রে কাজ করে ম্যান্ডি ইতিহাস গড়েছিলেন—এটাই ছিল এই সংঘভুক্ত ফিচার ফিল্ম সিনেমাটোগ্রাফিতে পুরস্কারপ্রাপ্ত প্রথম কোনো নারীর নাম। বাজ লুহরমান পরিচালিত ও অস্টিন বাটলার অভিনীত এই ছবির জন্য তিনি সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিলেন।
এমন অর্জনে ম্যান্ডি ওয়াকার বলেন, “এএসসি-এর সভাপতি হওয়া একটি বিশাল সম্মান, এবং এই পদে প্রথম নারী হিসেবে নির্বাচিত হওয়াটা আরও বড় একটি গর্বের বিষয়। আমি অত্যন্ত গর্বিত যে এমন একটি সংস্থাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছি, যা সিনেমাটোগ্রাফারদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও অন্তর্ভুক্তিমূলক পরিসর তৈরি করেছে।”
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-মনোনীত কাজ ছাড়াও, ম্যান্ডি ওয়াকার আরও যেসব গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন তার মধ্যে রয়েছে স্নো হোয়াইট, মুলান, দ্য মাউন্টেন বিটুইন আস, হিডেন ফিগারস, ট্রুথ, জেন গট আ গান, ট্র্যাকস, শ্যাটার্ড গ্লাস এবং লানটানাসহ আরও বহু চলচ্চিত্র।
শনিবার এএসসি-এর এই ঘোষণা দেওয়ার পাশাপাশি নতুন কার্যনির্বাহী কমিটিও প্রকাশ করেছে। নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এরিক স্টিলবার্গ, জন সিমন্স এবং প্যাট্রিক কেডি। ট্রেজারার পদে চার্লস মিনস্কি, সেক্রেটারি ডিজান জর্জেভিচ এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে নির্বাচিত হয়েছেন চার্লি লিবারম্যান।
ম্যান্ডি ওয়াকার এই সংগঠনে ২০১১ সালে সদস্য হন। আগের সভাপতি জনসনের স্থলাভিষিক্ত হচ্ছেন ম্যান্ডি। হলিউড রিপোর্টার







