বার্সায় একবছরের চুক্তি শেষে আবারও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরেছেন ইলকাই গুন্ডোয়ান। ফ্রি-ট্রান্সফারে নতুন করে এক মৌসুমের জন্য ম্যানসিটিতে যাওয়ার পর বার্সেলোনা নিয়ে বার্তা দিয়েছেন তারকা জার্মান মিডফিল্ডার।
স্প্যানিশ ক্লাবটিকে নিয়ে বলেছেন, ‘প্রিয় ক্লুয়ারর্স, মাত্র একবছর পর বিদায় বলার সময় হয়েছে। আমি এখানে নতুন একটি চ্যালেঞ্জ নেয়ার জন্য এসেছিলাম এবং সেটার জন্য প্রস্তুত ছিলাম। আমি কঠিন মৌসুমে দল এবং ক্লাবের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করেছি এবং নতুন পথে আমার সতীর্থদের সাহায্য করার জন্য উন্মুখ হয়ে ছিলাম।’
‘এখন কিছুটা কঠিন সময়ে বার্সেলোনা ছেড়ে যাচ্ছি। কিন্তু আমার চলে যাওয়া যদি বার্সেলোনার জন্য কিছুটা আর্থিকভাবে সাহায্য করে, এটা আমাকে কিছুটা কম দুঃখ দেবে।’
গুন্ডোয়ান আরও বলেছেন, ‘যাইহোক, কিছুটা উত্থান-পতন থাকলেও সময়টা দারুণ ছিল। সবসময় বার্সার হয়ে খেলতে চাইতাম এবং তারা আমাকে যে স্মৃতির ভাণ্ডার দিয়েছে সেটা আমার জীবনে সবসময় থেকে যাবে। মৌসুম এবং ভবিষ্যতের জন্য তোমাদের শুভ কামনা। এখানকার দর্শকরা বড় হাততালি পাওয়ার যোগ্য। ভিস্কা এল বার্সা। শুভ কামনা।’
গুন্ডোয়ান ইতিমধ্যে ম্যানসিটিতে ফিরেছেন এবং ২৪ আগস্ট ঘরের মাটিতে ইপসউইচ টাউনের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।







