ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও সেরা তিনে ফিরেছে ম্যানচেস্টার সিটি। গোলমেশিন আর্লিং হালান্ডের জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সিটিজেনরা। এ জয়ে বোর্নমাউথকে সরিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের আগের সমীকরণ ছিল দুইয়ে থাকা বোর্নমাউথকে হারাতে পারলে দুইয়ে উঠে আসবে আর্লিং হালান্ডরা। ম্যাচে নেমেই সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে ম্যানসিটি। ১৭ মিনিটে হালান্ডের গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় সিটিজেনরা।
মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা বোর্নমাউথ ২৫ মিনিটে সমতায় আসে টেইলর অ্যাডামসের গোলে। ৩৩ মিনিটের সময় আবারও গোলমেশিনের গোল, ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। পরে ওই ব্যবধানে বিরতিতে যায় দুদল।
বিরতির পর ৬০ মিনিটের সময় নিকো ও’রাইলির গোলে ৩-১ গোলে আরও এগিয়ে যায় গার্দিওলার দল। পরে ওই ৩-১ ব্যবধানের জয় নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করে দলটি।
১০ ম্যাচ শেষে ছয়টিতে জয় নিয়ে সিটিজেনদের পয়েন্ট ১৯, টেবিলে অবস্থান দুইয়ে। ১৮ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মিকেল আর্তেতার আর্সেনাল।







