ঢাকার শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের ওপর হামলার অভিযোগে মো. রাসেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ – ডিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছর আগস্টে সরকার পতনের কিছুদিন পর, গত ২৯ আগস্ট শ্যামলী স্কয়ারের সামনে ভাসমান নারীদের উদ্দেশে বিভিন্ন অবমাননাকর কথা বলা এবং লাঠি দিয়ে আঘাত করার ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রাসেল হোসেন নিজেই ওই সহিংস আচরণ করে ভিডিও ধারণ করে ও তা সামাজিক মাধ্যমে ছড়ায় বলে অভিযোগ ওঠে।








