মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার দায়ে গত ১০ মাসে আটক চার হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার।
রোববার ২২ সেপ্টেম্বর মালদ্বীপের ইমিগ্রেশন এর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।যদিও এসব অভিবাসীদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপ থেকে মোট ৪ হাজার ৫৪ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৫ দশমিক ৪ শতাংশ বেশি।
এছাড়াও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন কন্ট্রোলারের যৌথ অভিযানে অবৈধ ব্যবসা এবং খাদ্য উৎপাদন কার্যক্রমের সঙ্গে জড়িত বেশ কিছু অভিবাসীকে বর্তমানে আটক করা হয়েছে। যারা দেশটির খাদ্য নিরাপত্তার মান পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব ব্যবসায়ীদেরও দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন অভিবাসীদের বিরুদ্ধে এ অভিযান চলছে। এতে প্রতিদিনই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করছে দেশটির ইমিগ্রেশন। এই অবস্থায় দেশটিতে বর্তমানে অবৈধভাবে বসবাসরত প্রায় দেড় লাখ বাংলাদেশিদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে।








