মা হতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) এমন খবরেই সয়লাব হয়ে যায় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। যদিও শুরুতে এবিষয়ে মুখ খুলেননি শাহরুখের ‘রইস’ ছবির এই নায়িকা। তবে শেষমেশ মা হওয়ার গুঞ্জন ওড়ালেন মাহিরা।
গুঞ্জন উঠেছে, সম্প্রতি নেটফ্লিক্সের আসন্ন প্রজেক্ট ‘জো বাচে সাং সামৈত লো’ সহ বেশ কয়েকটি বড় কাজের প্রস্তাব ফিরিয়েছেন মাহিরা খান। যার প্রেক্ষিতেই গুঞ্জন উঠেছে ‘মা হতে যাচ্ছেন তিনি’। তবে এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাতকারে মাহিরা জানান, আমি গর্ভবতী নই। এমনকি আমি নেটফ্লিক্সের কোন প্রজেক্ট সম্পর্কেও অবগত নই।
গেল বছরের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে চার হাত এক হয় শাহরুখের ছবির নায়িকার। যদিও এটি অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে। সেলিমের সঙ্গে বিয়ের আগে ২০০৭ সালে আলি আসকারির সঙ্গে বিয়ে হয়েছিল মাহিরার। পরিবারের অমতে আলিকে বিয়ে করেছিলেন তিনি। ২৩ বছর বয়সেই আলির সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন তিনি। বিয়ের দু’বছর পর পুত্রসন্তানের জন্ম হয় মাহিরার। নাম আজলান।
কিন্তু ২০১৫ সালে আলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাহিরার। যদিও ছেলে থাকে মাহিরার সঙ্গে। ছেলের বয়স ১৪ বছর। মাহিরার দ্বিতীয় বিয়ের দিন মায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়েই দেখা মিলেছিল তার পুত্রের।
গত প্রায় এক যুগ ধরে পাকিস্তানের সিনেমা এবং টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করছে মাহিরা খান। ছোটপর্দায় ব্যাপক জনপ্রিয় তিনি। পাকিস্তানি অভিনয় শিল্পীদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক নেয়াদের মধ্যে অন্যতম মাহিরা।
তবে ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ চলচ্চিত্রে অভিনয় করে উপমহাদেশের দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে পরিচিত করান মাহিরা খান। – বলিউড লাইফ








