নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা দেশের প্রতিটি মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এসেছে। আসামিদের জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
তিনি আরও বলেন, মামলার অন্যতম প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে।
আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক যুক্তি উপস্থাপন করেন। এ সময় হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এ মামলায় বিশেষ গুরুত্ব বহন করছে। শুনানিতে তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শোনানো হয়েছে।
অনীক আর হক বলেন, তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে র্যাব সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে।
জবানবন্দি অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র্যাব-১১-এর অধিনায়ক হিসেবে যোগ দেন তারেক সাঈদ। র্যাবের অভিযান পরিচালনার নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশনস) অনুমতি প্রয়োজন হতো। এ ক্ষেত্রে ব্যাটালিয়ন অধিনায়কদের নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল না বলে জবানবন্দিতে উল্লেখ করেন তারেক সাঈদ।
২০১৪ সালে র্যাব সদর দপ্তরের এক সম্মেলনে জিয়াউল আহসান তারেক সাঈদকে একটি তালিকা দিয়েছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল।
অ্যাটর্নি জেনারেল বলেন, তারেক সাঈদের জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা, অনুমতি ও দায়িত্বের বিষয়টি উঠে এসেছে।
জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি করা হয়নি কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। জিয়াউল আহসানকে এ মামলায় আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম এসেছে। এ কারণে এরইমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
তিনি জানান, সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। এছাড়া নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপিল শুনানিতে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের ব্যস্ততাসহ নানা বাস্তবতায় অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, বুধবার দিনভর সাত খুন মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।





